ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছিলেন সাংগ্রুরাম নামে এক বৃদ্ধ। কিন্তু বিয়ের পরদিনই মৃত্যু হয় তার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এক বছর আগে সাংগ্রুরামের প্রথম স্ত্রী মারা যান। সন্তান না থাকায় তিনি একাই কৃষিকাজ করে জীবন চালাতেন। একাকিত্ব কাটাতে পরিবারের আপত্তি উপেক্ষা করে তিনি নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন।

গত সোমবার তিনি জালালপুর এলাকার ৩৫ বছর বয়সী মানভাবতীকে বিয়ে করেন। আদালতে রেজিস্ট্রির পর স্থানীয় মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। মানভাবতী জানান, সাংগ্রুরাম তাকে সংসারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, আর তিনি সন্তানের দেখভাল করবেন বলে ঠিক হয়েছিল।


পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পর ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংগ্রুরাম। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


বৃদ্ধের আকস্মিক মৃত্যু নিয়ে গ্রামে নানা গুঞ্জন চলছে। কেউ একে স্বাভাবিক ঘটনা বলে মনে করছেন, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন। সাংগ্রুরামের ভাতিজারা বর্তমানে দিল্লিতে থাকায় তাদের আসার পরই দাহ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।