জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিনের মাথায় জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা।

জানা গেছে, সোমবার অনুষ্ঠিত এক বিশেষ সভায় আহ্বায়ক অসিম চাকমাসহ উপজেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে তাদের পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের একটি কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগী নেতাদের ভাষ্য, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেওয়ায় এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে বলে তাদের মনে হয়েছে।