আওয়ামী সরকারের সময় সংঘটিত আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, “এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে। গুমের বেশ কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না, তবে আপনারা খুব শিগগিরই তা দেখতে পাবেন।”

বিচারে দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, “বিচারে দেরি হচ্ছে না। তদন্তের কাজ শেষ পর্যায়ে, ইতোমধ্যে একের পর এক ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে। বিচার কার্যক্রম এখন আনুষ্ঠানিকভাবে এগোচ্ছে, অনেক মামলাই চূড়ান্ত পর্বে রয়েছে।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, “জাতির প্রত্যাশা ছিল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে। আমরা সেই পথে আছি এবং আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই বিচার সম্পন্ন হবে।”

ওবায়দুল কাদেরের মামলার বিষয়ে প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, “সব মামলা একসঙ্গে সম্পন্ন হবে না। ক্রমান্বয়ে একটার পর একটা এগোবে। কিছু মামলা ইতোমধ্যে পরিপক্ব (ম্যাচিউর) অবস্থায় রয়েছে। যথাসময়ে এর ফলাফল দেখা যাবে।”

তিনি আরও বলেন, “কেউ দায়মুক্তি পাবেন না, কেউ পালিয়ে রেহাইও পাবেন না। ন্যায়বিচার তার নিজ গতিতে চলবে।”

গুমের মামলার অগ্রগতি প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, “সব মামলা শেষ না হলেও প্রধান কয়েকটির তদন্ত প্রায় সম্পন্ন। যেহেতু এগুলো জটিল মামলা, তাই প্রতিটি বিষয়ের বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে। এই সপ্তাহেই তদন্ত রিপোর্ট পাওয়া যাবে।”

প্রধান আসামি শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাকিটা শিগগিরই দেখতে পাবেন।”