বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “এক শ্রেণীর মানুষ চাইছে যাতে নির্বাচন না হয়।” শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিচারের দাবি জানান। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব নুরকে জার্মানিতে পাঠানো হোক, কারণ সেখানে তার চিকিৎসা ভালোভাবে সম্পন্ন হবে। “আমি চাই নুর ভালো হোক, আল্লাহ তাকে সুস্থ করুন। দেশের কাজে তাকে লাগবে। দেশবাসীর জন্য অনেক কাজ করেছে,” বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, “কিছুদিন আগে শুনেছিলাম, টার্গেট করে কিছু লোককে হামলা করা হবে। এটা কয়েক মাস আগে জানা কথা। এখন কিছু হামলা ঘটেছে, এ ঘটনাগুলোর তীব্র নিন্দা করছি।”

তিনি আরও বলেন, “সরকারকে দেখা দরকার কোথা থেকে এই হামলাগুলো হচ্ছে। যদি না হয়, জনগণ বুঝবে সরকার তাদের কমান্ড রাখতে পারছে না। ভাঙচুর, মাজার ভাঙ্গা—এসব ঘটনার মাধ্যমে নির্বাচন সামনে রেখে এগুলো আরো বৃদ্ধি পাবে। এক শ্রেণীর মানুষ চাইছে যাতে নির্বাচন না হয়।”