প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্যপদ পূরণে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি আটকা, অভিযোগ গণশিক্ষা উপদেষ্টার

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, একটি মামলার কারণে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি বন্ধ রয়েছে। এর ফলে সমান সংখ্যক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য থেকে যাচ্ছে।

রোববার (৭ ডিসেম্বর) কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের দেশে ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই, অথচ পদোন্নতি দিতে পারছি না। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। মামলা সমাধান হলে অনেক সমস্যার সমাধান হবে।”

উপদেষ্টা আরও জানান, কুতুবদিয়া এবং অন্যান্য প্রত্যন্ত এলাকায় শিক্ষক সংকট দৃশ্যমান। সমস্যার সমাধানের জন্য শিগগিরই নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

পরিদর্শনকালে তিনি উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামো ও অফিস পরিদর্শন করেন। পরে কুতুবদিয়ার বাতিঘর ও সৈকত ঘুরে দেখেন।