রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে অংশ নিয়ে দলটির অঙ্গ সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রেজাউল করীম আবরার বলেছেন, “এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে আছে।”


শনিবার (২৮ জুন) দুপুরে মহাসমাবেশে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।


মুফতি আবরার বলেন, “আমরা কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ ও ভোটচোরকে আর ক্ষমতায় দেখতে চাই না। এক দল চাঁদাবাজি করে বিতাড়িত হয়েছে, আরেক দল এখন সেই চাঁদাবাজির জন্য প্রস্তুত। এক দল ভারতের তাঁবেদারি করে বিদায় নিয়েছে, আরেক দল শুরু করেছে নতুন দালালি। তাই এবার আমরা চরমোনাই পীরকে নেতৃত্বে দেখতে চাই।”


তিনি আরও বলেন, “যারা দেশ শাসন করেছে, তারা জনগণের কোনো কল্যাণ করতে পারেনি। তারা শুধু লুটপাট করেছে—কেউ দেশেই আছে, কেউ পালিয়েছে। আমরা আর তাদের দেখতে চাই না।”


মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ, যোগ্য এবং ইসলামপ্রিয় নেতৃত্বই পারে জনগণের অধিকার ফিরিয়ে দিতে। এজন্য আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান তারা।


নেতারা আরও বলেন, \"শুধু নির্বাচন নয়, রাষ্ট্রের কাঠামোতেও পরিবর্তন আনতে হবে। বিচারব্যবস্থা, শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনিক ব্যবস্থায় ইসলামি আদর্শ বাস্তবায়ন করতে হবে।\"


এদিকে, সমাবেশস্থলে কয়েক হাজার নেতাকর্মী চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় রয়েছেন। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা ও বিভাগীয় নেতারা উপস্থিত আছেন।