সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়।
শনিবার (২৪ জানুয়ারি) ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, পরবর্তীতে ১১ দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। তৎকালীন স্বৈরাচারী শাসন ও দমন-পীড়ন থেকে মুক্তির দাবিতে ১৯৬৯ সালের জানুয়ারি মাসে পুরো দেশ আন্দোলনে উত্তাল ছিল। ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ২৪ জানুয়ারি আন্দোলনকে রূপ দেন এক ব্যাপক গণবিস্ফোরণে। পুলিশের গুলিতে শহীদ হন নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান মল্লিকসহ মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীর ও আরও অনেকে।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে তাদের আত্মত্যাগ আমাদের তরুণ সমাজকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। স্মৃতিবিজড়িত এদিনে আমি গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আসুন, তাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে আমরা নিজেকে নিয়োজিত করি।”
বাণীর শেষ অংশে প্রধান উপদেষ্টা দেশের মুক্তি সংগ্রামের সব শহীদের রূহের মাগফিরাত কামনা করেন।