উলিপুর উপজেলা, কুড়িগ্রাম: উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা চালুর লক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন মাহবুবুল আলম সালেহী। তিনি কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্থানীয় চিকিৎসকদের উপস্থিতিতে এ অনুদান হস্তান্তর করা হয়।
অনুদান প্রদানকালে এমপি সালেহী বলেন, উলিপুরের স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনার জন্য কাজ চলছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুত হাসপাতালের সেবার মান উন্নয়ন করা হবে। খুব শিগগিরই আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, হাসপাতালের বিদ্যমান আল্ট্রাসনোগ্রাম মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে বন্ধ রয়েছে। এমপির ব্যক্তিগত অর্থায়নে নতুন যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যেই আল্ট্রাসনোগ্রাম সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।





