জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “প্রায় সবাই সম্পদের বিবরণী জমা দিয়েছেন। এক-দু’জন ছাড়া সব উপদেষ্টার বিবরণী পাবলিক করা হবে দু-এক দিনের মধ্যে।”


প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী দ্রুত প্রকাশ করা হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ হলেও তা এখনও প্রকাশিত হয়নি।


অন্তর্বর্তী সরকার গঠিত হয় ২০২৪ সালের ৮ আগস্ট, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর। সংযোজন-বিয়োজনের পর বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১। এছাড়া চারজন বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন।


২০২৪ সালের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদবিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়। নীতিমালায় বলা হয়েছে, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে তাঁদের আয় ও সম্পদের বিবরণী প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলেও সেটিও অন্তর্ভুক্ত করতে হবে।


প্রেস সচিব জানান, “বেশিরভাগ উপদেষ্টা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে বিবরণী জমা দিয়েছেন। শিগগিরই তা প্রকাশিত হবে।”