জয়পুরহাট প্রতিনিধি: ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক অগ্রগতির অন্যতম শক্তিশালী হাতিয়ার হচ্ছে উদ্যোক্তা হওয়া—এমন মন্তব্য করেছেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।

বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উদ্যোগে জয়পুরহাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিসিক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,
“মানুষ যে কাজে আনন্দ পায়, আগ্রহ অনুভব করে—সেই কাজকেই পেশা হিসেবে নেওয়া উচিত। উদ্যোক্তা হওয়ার মাধ্যমে একজন মানুষ নিজের স্বপ্ন ও ভাবনাকে বাস্তব রূপ দিতে পারেন। এতে যেমন ব্যক্তিগত উন্নয়ন ঘটে, তেমনি সমাজ ও দেশের অর্থনীতিও উপকৃত হয়।”

তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়, দারিদ্র্য হ্রাস পায় এবং টেকসই উন্নয়নের পথ সুগম হয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরীর কর্মকর্তা ও শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের কো-অর্ডিনেটর মো. কামাল পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিসিক সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সটি আগামী ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২৫ জন সম্ভাবনাময় প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।