রাজধানীর উত্তরায় চলন্ত একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটে উত্তরার জসীম উদ্দিন রোডে হায়েস মাইক্রোবাসটিতে আগুন লাগে। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ইঞ্জিন ওভারহিট হওয়ায় আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে গেছে।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লাগে। “ড্রাইভার আগুন লাগার পর গাড়িটি রাস্তার পাশে রেখে নিরাপদে সরে যান। পরে আমরা তার সঙ্গে যোগাযোগ করি,” বলেন তিনি।





