রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, “আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা শেখার, মানসিক বিকাশের ও নিরাপত্তার আশ্রয় খোঁজে, সেখানে এমন ভয়াবহ অভিজ্ঞতা কোনো শিক্ষার্থীর জন্যই কাম্য নয়।”
তিনি আরও বলেন, “এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য আমি গভীরভাবে প্রার্থনা করছি। পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি—এই দুঃসময়ে যেন সকলে একযোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়।”
তারেক রহমান জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।”





