রাজধানীর উত্তরা এলাকায় জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ আসামির বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (২০ জুলাই) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিন মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। তিনি তদন্তের জন্য অতিরিক্ত দুই মাস সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে নতুন সময়সীমা নির্ধারণ করে দেন।

সকালেই মামলার ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন—উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এর আগে আজকের দিনটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করেছিল ট্রাইব্যুনাল। গত ১২ মে একই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই-আগস্টে রাজধানীর উত্তরা এলাকায় আন্দোলনকারী ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় বহু হতাহতের অভিযোগ ওঠে। এতে সাবেক মেয়র আতিকুল ইসলামসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা জড়িত থাকার অভিযোগে মামলা হয়। বর্তমানে অভিযুক্ত সবাই কারাগারে রয়েছেন।