অন্তর্বর্তী সরকার দেশের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, “বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর” যে কোনো সহিংস কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের প্রতি কঠোর অবস্থান রাখা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কয়েকটি বিচ্ছিন্ন গোষ্ঠী পরিকল্পিতভাবে সহিংসতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডকে সরকার দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বর্তমানে একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং শান্তিপূর্ণ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে, তাদের কারণে এই প্রক্রিয়া ব্যাহত হতে দেওয়া হবে না।

সাম্প্রতিক সময়ে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ–এর সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গ তুলে, সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, “সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যের ওপর হামলা। সন্ত্রাস ও সহিংসতার মুখেও সাংবাদিকদের সাহস ও দায়িত্বশীলতা জাতি প্রত্যক্ষ করেছে।” এ ঘটনায় পূর্ণ ন্যায়বিচারের আশ্বাসও দেওয়া হয়েছে।

এছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাকে গভীরভাবে নিন্দা জানানো হয়েছে। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে শেষপর্যায়ে সহিংসতা, উসকানি ও ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করে শান্তি ও সহাবস্থানের পক্ষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।