কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পালংখালী সীমান্তের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উখিয়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।
প্রথম অভিযান: ৯০ হাজার ইয়াবা উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় অবস্থান নেয়।
রাতের কোনো একসময় মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটকের চেষ্টা করে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কালো ব্যাগ ও একটি শার্টে মোড়ানো পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেগুলো তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো নয়টি নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযান: আরও ১ লাখ ইয়াবা
এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে একই সীমান্ত দিয়ে ফের মিয়ানমার দিক থেকে সন্দেহভাজন দুই ব্যক্তি বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের আটকাতে এগিয়ে গেলে তারা আবারও সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।
তবে চোরাকারবারিরা একটি হস্তচালিত নৌকা রেখে যায়, যেটি তল্লাশি করে সাদা পলিব্যাগে খাকি প্যাকেটে মোড়ানো আরও ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন,
“আমাদের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। যারা পালিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।”





