সাতক্ষীরা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে ২৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বাজারসামগ্রী বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ডিলাইটেড ক্লাব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের এ প্রয়াস।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, মাংস, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সাবানসহ মোট ১৫ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য। মুসলিম পরিবারের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী অসহায় পরিবারও সমানভাবে এ সহায়তা পায়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ডিলাইটেড ক্লাবের নেতৃবৃন্দ জানান, তারা প্রতিবছরই ঈদকে ঘিরে সহায়তামূলক কর্মসূচি পরিচালনা করেন। পাশাপাশি এলাকায় জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা অভিযান ও বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।