ইয়েমেনের সাদা প্রদেশে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।
\r\nসোমবার (২৮ এপ্রিল) হুতিপন্থী সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভির বরাতে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
\r\nআল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়, সাদা প্রদেশে অভিবাসীদের জন্য নির্মিত একটি আটক কেন্দ্রে এই হামলা চালানো হয়। এতে উল্লেখযোগ্যসংখ্যক হতাহতের ঘটনা ঘটে। এই হামলা মার্কিন বাহিনীর সাম্প্রতিক ‘অপারেশন রাফ রাইডার’-এর অংশ, যেখানে ইয়েমেনজুড়ে হুতি গোষ্ঠীর বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।
\r\nতবে সরাসরি অভিবাসী আটক কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ায় হামলাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
\r\nএখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ হামলা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
\r\nউল্লেখ্য, মার্চ মাসের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে, যাতে শত শত হুতি যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।





