ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ইসির সামনে অবস্থিত সড়কে এ কর্মসূচি শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টা থেকেই মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদল তিনটি অভিযোগ উত্থাপন করে। অভিযোগগুলো হলো—
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহ সৃষ্টি করেছে।
২. একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে ইসি দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়ে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে দাবি করে ছাত্রদল।





