আলোচিত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের গঠিত ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’কে নির্বাচনী নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন কোনো দাবি-আপত্তি না থাকলে দলটি চূড়ান্তভাবে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ডেসটিনির পাশাপাশি আরও দুটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—নিবন্ধন পাবে। তিনি জানান, পরবর্তী প্রক্রিয়ায় দাবি-আপত্তি আহ্বান করা হবে, যার পরে চূড়ান্ত সনদ প্রদান করা হবে।

ডেসটিনিকে নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের টাকা নষ্ট করা, বিদেশে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এমডি রফিকুল আমীনকে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারামুক্তি দেওয়া হয়।

তালিকা থেকে ছিটকে পড়া আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান এই নিবন্ধনের সিদ্ধান্তকে সমালোচনা করেছেন। তিনি বলেন, “৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে, মাত্র এক মাস আগে দল খুলে নিবন্ধন পেয়েছে। বছরের পর বছর রাজনীতি করে আমাদের দল নিবন্ধিত হয়নি। রাজনীতি এখন শুধু বুর্জোয়াদের জন্য।”

রফিকুল আমীন চলতি বছর এপ্রিল মাসে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে দল গঠন করেন। পরে নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ রাখা হয়। দল গঠনের দিনই ডেসটিনির ক্ষতিগ্রস্ত গ্রাহকরা নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেছিলেন।