আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা ৩২ মিনিটের মধ্যেই নির্ধারিত ১২ জন প্রার্থীর আপিল শুনানি শেষ হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এ শুনানি অনুষ্ঠিত হয়। এ স্লটে থাকা ১২ জনের মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর, একজনের আপিল নামঞ্জুর এবং একজনের আপিল মুলতবি রাখা হয়েছে।
আপিল মঞ্জুর হওয়া প্রার্থীরা হলেন— চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে মো. আবু তাহের (তিনজনই খেলাফত মজলিস), বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির এস এ জাহিদ, রাঙামাটি-২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।
এদিকে কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে। আর ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।





