ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা জারি হয়। এতে বলা হয়েছে, ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনস্বার্থে বদলি করা হয়েছে এবং আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন বিকেল থেকেই তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এটি কমিশনের সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের একাধিক নির্বাচন রয়েছে। সেই নির্বাচনগুলোর প্রস্তুতির অংশ হিসেবেই মাঠ প্রশাসনে এই ব্যাপক রদবদল আনা হয়েছে।

এদিকে বদলির আদেশ জারির দিনই ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন-এর রাষ্ট্রদূত। বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও কমিশনের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।