ইবি প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বাংলা মাস মাঘের শুক্লপক্ষের নবম তিথিতে পালিত এ উৎসব বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে পূজার আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা রঙিন আলপনা ও নকশায় পূজামণ্ডপ সাজান। পূজা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
উৎসবে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে অংশ নিয়ে বিদ্যার দেবী সরস্বতীর পূজা-অর্চনা করেন। পূজার আনুষ্ঠানিকতা ও শাস্ত্রপাঠ পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক পার্থ প্রতীম চক্রবর্তী।
এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার নিকটবর্তী সবুজ চত্বরে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষ্ণব কুলতিলক ভক্তপ্রবর মিহির ঘোষ।
ভার্চুয়ালি যুক্ত হয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে মূল্যায়ন করে। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে।





