পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বিজয় দিবস উপলক্ষে দূতালয় প্রাঙ্গণ ব্যানার ও পোস্টারে সুসজ্জিত করা হয়।

মঙ্গলবার সকালে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালি জাতির ত্যাগ ও বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, শহীদ পরিবারের সদস্য এবং স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকল যোদ্ধাকে স্মরণ করেন। পাশাপাশি তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতিও গভীর শ্রদ্ধা জানান।