পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারী আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। সুযোগ না পেয়ে সে বাইরে থাকা একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন, “এখন আমাদের প্রথম কাজ হচ্ছে হামলাকারীর পরিচয় শনাক্ত করা। হামলার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না— এমনকি যদি সে অন্য দেশের নাগরিকও হয়।”
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আদনান জানান, বিস্ফোরণের পর ১২টি মরদেহ হাসপাতালে আনা হয়, পরে সেগুলো মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আইনজীবীদের প্রতিনিধিরা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন আইনজীবীও রয়েছেন, যারা ঘটনার সময় আদালতের বাইরে তাদের মক্কেলদের সঙ্গে ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি আরও বলেন, “আজকের হামলার সঙ্গে অনেক সংযোগ রয়েছে, আমরা শিগগিরই প্রমাণ উপস্থাপন করব।” তিনি ঘোষণা দেন, দুই সপ্তাহ পর থেকে ইসলামাবাদে ই-ট্যাগবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।





