ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথেলেন সুজা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ভিডিওতে ক্যাথেলেন বলেন, ছোট ছোট পদক্ষেপের মধ্য দিয়ে তিনি সঠিক পথ খুঁজছেন, পরিবর্তন চাইছেন এবং জীবনের উপহারকে মূল্য দিতে শিখছেন। আবেগঘন বার্তায় তিনি জানান, নিজের সেরা সংস্করণ হয়ে উঠতেই তিনি এই পথ বেছে নিয়েছেন।

বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল-নাসরের নারী দলের হয়ে খেলছেন। ক্লাবটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, ক্যাথেলেন সুজার জীবনের এই বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে এবং তার জন্য দোয়া করা হচ্ছে, যেন তিনি স্থিতি ও শান্তি পান।

সম্প্রতি ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যান ক্যাথেলেন। সেখান থেকে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, সঠিক পথের সন্ধান, পরিবর্তনের খোঁজ এবং জীবনের প্রতি কৃতজ্ঞতাই তার অনুভূতি।

আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ফর্মে আছেন এই ডিফেন্ডার। চলতি মৌসুমে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। দলের রক্ষণভাগে তার দৃঢ় উপস্থিতি ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের সাও ভিসেন্তে জন্ম নেওয়া ক্যাথেলেন ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে যুক্ত। সান্তোস এফসির বয়সভিত্তিক দলে খেলার পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেন।

পেশাদার ক্যারিয়ারে স্পোর্ত ক্লাব ইন্টারন্যাসিওনালের হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেছেন তিনি। ২০২৪ সালের আগস্টে আল-নাসর নারী দলে যোগ দেন। ব্রাজিল নারী জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন ক্যাথেলেন। ২০১৮ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেছেন ৩০টি ম্যাচ।

ধর্মীয় বিশ্বাসে পরিবর্তনের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মাঠের পারফরম্যান্সের মতো ব্যক্তিগত জীবনেও আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।