ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাগেরি। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) এ তথ্য নিশ্চিত করেছে।

\r\n

প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের চালানো হামলায় বাগেরি প্রাণ হারিয়েছেন। ১৯৮০ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ডে (আইআরজিসি) যোগদানকারী বাগেরি ইরানের সামরিক বাহিনীর অন্যতম শীর্ষস্থানীয় ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

\r\n

এর আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলায় দেশটির দুই পরমাণু বিজ্ঞানী—মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি নিহত হন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম।

\r\n

এছাড়াও ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামিও হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

\r\n

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ এই হামলাকে 'আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “ইরানের সামরিক এবং পারমাণবিক হুমকি মোকাবেলায় ইসরায়েল এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।”

\r\n

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি পূর্বপরিকল্পিত অভিযানের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক কমান্ড সেন্টারগুলোকে মূল লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়।

\r\n

সেনাবাহিনীর মুখপাত্র আরও জানান, দুই ডজনেরও বেশি যুদ্ধবিমান এই হামলায় অংশ নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত ও সুনির্দিষ্টভাবে পরিচালিত এই অভিযানকে ‘সফল’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী।

\r\n

এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।