গাজায় ইসরায়েলি হামলায় বহু প্রাণহানি ঘটলেও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি বজায় রাখতে কাজ করছে।

রোববার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা দেখছি কী ঘটছে। নিশ্চিত হতে চাই যে হামাসের সঙ্গে বিষয়টি শান্তিপূর্ণভাবে চলছে।”

তিনি আরও বলেন, “হামাসের কিছু অংশ অস্থির আচরণ করছে, কিছু গুলি চালিয়েছে। আমাদের ধারণা, এটি নেতৃত্বের সিদ্ধান্ত নয়, কিছু বিদ্রোহী অংশ জড়িত।”

ট্রাম্প বলেন, “বিষয়টি সঠিকভাবে সামলানো হবে—কঠোরভাবে, তবে যথাযথভাবে। যুদ্ধবিরতি এখনো বহাল আছে।”

অন্যদিকে, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

গাজার গণমাধ্যম কার্যালয় দাবি করেছে, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর ইসরায়েল অন্তত ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গাজায় চলমান উত্তেজনার মধ্যেও ট্রাম্প প্রশাসনের শান্তির বার্তা পরিস্থিতিকে সাময়িকভাবে স্থিতিশীল রাখলেও নতুন করে হামলা ও প্রাণহানি আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে।

সূত্র: সিএনএন নিউজ