ইসরায়েলের দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ওআইসি (ইসলামী সহযোগিতা সংস্থা) পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় বৈঠকে এই আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে তৌহিদ হোসেন বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন রয়েছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, একটি স্বাধীন ও স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি সম্ভব নয়।


ঢাকা থেকে প্রাপ্ত এক বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের দীর্ঘদিনের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন।


বক্তব্যে তৌহিদ হোসেন ওআইসির দশ বছর মেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের অবদান তুলে ধরেন এবং ইসলামী বিশ্বে ঐক্য জোরদারে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা বলেন। পাশাপাশি তিনি বলেন, ওআইসিকে আরও কার্যকর করতে কাঠামোগত সংস্কার, শক্তিশালী অর্থায়ন ব্যবস্থা এবং বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানো জরুরি।


ওআইসি’র এই বৈঠকটি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জন্য শান্তি, নিরাপত্তা ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত অবস্থান গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।