ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) থারাল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত দাবি করেছেন, সাম্প্রতিক প্রস্তুতি ও সংস্কারের ফলে ইরানের আক্রমণ ক্ষমতা ১২ দিনের যুদ্ধের সময়ের তুলনায় এখন দশগুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল নেজাত বলেন, \"'ট্রু প্রমিজ–টু' অভিযান পরবর্তী সময়ে আইআরজিসির অ্যারোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো তাদের সক্ষমতা পূরণ ও দুর্বলতা দূরীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।\" তিনি বলেন, সাম্প্রতিক পরিকল্পনা ও গোয়েন্দা প্রস্তুতির ফলে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা আগেভাগেই শনাক্ত করে ভেদ করার কৌশল তৈরি করা সম্ভব হয়েছে।

জেনারেল নেজাত আরও বলেন, গত জুনে সংঘর্ষকালে ঘাটতি ও দুর্বলতা চিহ্নিত করে তা বিশ্লেষণ এবং সংশোধন করা হয়েছে। তার কথায়, কেবল অস্ত্র বা প্রযুক্তি নয়, বরং যুদ্ধ পরিকল্পনা, নিয়মিত মহড়া ও বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় শক্তিশালী করাও এই সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি সতর্ক করে বলেন, \"যদি ইসরায়েল আবার কোনো ভুল করে, তাহলে আমাদের জবাব হবে ১২ দিনের যুদ্ধের শুরুতে থাকা সক্ষমতার দশগুণ।\" জেনারেল নেজাতের এই বক্তব্য ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও গত বছরের অপারেশনগুলোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যকার সামরিক সক্ষমতা ও কৌশল পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিবিড় মনোযোগ রয়েছে।