দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ ইসরায়েলকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “অপরাধীদের দিয়ে গঠিত” এবং দেশটি “অপরাধমূলক নীতি” অনুসরণ করছে— যার পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানী জাগরেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইসরায়েল যেভাবে আচরণ করছে, তা নিছকই একটি অপরাধমূলক কৌশল। এমন একটি রাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত নয়, যার শাসকগোষ্ঠীর কিছু সদস্য স্পষ্টভাবে অপরাধী আচরণ করছে।”

তিনি আরও বলেন, “ইসরায়েল বহু দশক ধরে চাইলেই যা খুশি তাই করছে। এর কোনো জবাবদিহিতা নেই। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যুক্তরাষ্ট্র এই কর্মকাণ্ডে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।”

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট মিলানোভিচের এই বক্তব্য ইউরোপে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্রমবর্ধমান ক্ষোভ ও উদ্বেগের প্রতিফলন।

\r\n\r\n\r\n\r\n

এ বিষয়ে এখনো ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।