ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের ২০টি দেশ। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে হামলাকে \"উস্কানিমূলক ও বিপজ্জনক\" আখ্যা দিয়ে ইরান-ইসরায়েল উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। খবর সিএনএনের

যৌথ বিবৃতিতে অংশ নিয়েছে—মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া ও মৌরিতানিয়া।

বিবৃতিতে বলা হয়েছে, “ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ও উত্তেজনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রত্যেক দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত।”

পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেন, সংকট নিরসনে কূটনৈতিক পথই একমাত্র গ্রহণযোগ্য উপায়। যুদ্ধ বা সামরিক সংঘর্ষ কোনো টেকসই সমাধান নয় বলেও মন্তব্য করেন তারা।

এছাড়া বিবৃতিতে মধ্যপ্রাচ্যকে পারমাণবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। দেশগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে জাতিসংঘের ‘নন-প্রলিফারেশন ট্রিটি’ (NPT)-তে স্বাক্ষরেরও আহ্বান জানানো হয়।

উল্লেখযোগ্যভাবে, ইসরায়েল এখনো এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

এই বিবৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে সংঘাতের পথ ছেড়ে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।