ইরান একটি বড় ধরনের গোয়েন্দা সাফল্যের দাবি করেছে, যেখানে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত গোপন নথি ও ছবি সংগ্রহ করেছে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এসব উপকরণে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বিজ্ঞানীদের সম্পৃক্ততার প্রমাণসহ হাজার হাজার গোপন ফাইল।
বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে লেবাননের সংবাদমাধ্যম আল–মায়েদিন জানায়, কয়েক মাস আগে পরিচালিত একটি জটিল গোয়েন্দা অভিযানের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়। ইরানি কর্তৃপক্ষ একে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে একটি বড় নিরাপত্তা সাফল্য হিসেবে উল্লেখ করেছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব জানান, অভিযানে ইসরায়েলের পারমাণবিক ও নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে সহযোগিতা করেছেন এবং এই নথিগুলো তেহরানে হস্তান্তর করেছেন। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত তার কর্মচারীদের আর্থিক দুর্দশা নিয়ে চিন্তা করা।
খাতিব জানান, এসব নথি ও তথ্য বর্তমানে ইরানের একটি নিরাপদ সংরক্ষণাগারে সংরক্ষিত আছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের অস্ত্র উন্নয়ন ও আপগ্রেড পরিকল্পনা, পুরনো অস্ত্র প্রকল্প, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগের বিবরণ, সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তাদের নাম এবং অস্ত্র কর্মসূচির সাংগঠনিক কাঠামো।
গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, এই অভিযানে বিপুল পরিমাণ কৌশলগত তথ্য হাতে এসেছে এবং তথ্যের বিশ্লেষণ শুরু হয়েছে। তবে উপাদানের পরিমাণ এত বেশি যে তা সম্পূর্ণ পর্যালোচনা করতে দীর্ঘ সময় লাগবে। প্রতিটি নথি, ছবি এবং ভিডিও বিশ্লেষণ করছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল।
এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে। তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠোর।





