ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধা দেওয়াকে স্বৈরাচারী মানসিকতার প্রকাশ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

\r\n

বুধবার বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

\r\n

তারেক রহমান বলেন, “ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথে বাধা দিয়ে বর্তমান সরকার আদালতের আদেশ অমান্য করেছে। এটি আদালত অবমাননার শামিল এবং অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি।”

\r\n

তিনি আরও বলেন, “যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, আদালতের নির্দেশ অবজ্ঞা করে—তাদের কাছ থেকে কোনো বাস্তব সংস্কার আশা করা যায় না। আমরা মনে করি, পুঁথিগত নয়, রাজনৈতিক নেতৃত্বের মানসিকতার সংস্কার জরুরি।”

\r\n

আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভূমিকায় অসন্তোষ জানিয়ে তারেক রহমান বলেন, “দেড় দশকে তিন কোটি ৫০ লাখের বেশি নতুন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। অথচ অন্তর্বর্তী সরকার ১০ মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি।”

\r\n

তিনি বলেন, “সংস্কারের নামে সময়ক্ষেপণ চলছে। এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে কি না, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ দানা বাঁধছে।”

\r\n

তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের জোরালো দাবি জানিয়ে নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

\r\n

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল চেয়ে ইশরাক হোসেন আদালতে যান। ২০২৪ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিলে তাকে মেয়র ঘোষণা করা হয় এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

\r\n

কিন্তু শপথগ্রহণের আগেই একটি রিটের মাধ্যমে শপথে বাধা তৈরি হয়। স্থানীয় সরকার বিভাগ জানায়, বিষয়টি ‘বিচারাধীন’। যদিও হাইকোর্ট সম্প্রতি রিটটি খারিজ করে দিয়েছে।

\r\n

এদিকে, ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে দুই সপ্তাহ ধরে নগর ভবনে নাগরিক সেবা কার্যত বন্ধ রয়েছে।