বিএনপি নেতা মো. ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

\r\n

গত রোববার (২৭ এপ্রিল) ঢাকার দুই বাসিন্দা — মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে এই নোটিশ পাঠানো হয়। তবে বিষয়টি জানা যায় আজ সোমবার (২৮ এপ্রিল)। নোটিশে নির্বাচন কমিশনকে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ ও তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

\r\n

এদিকে, একই দিন রাতেই নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে।

\r\n

নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে দুই বাসিন্দার আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, \"গতকাল নোটিশ পাঠানো হলেও রাতেই ইসি গেজেট প্রকাশ করে। এখন পরবর্তী পদক্ষেপ নির্ধারণে নোটিশদাতাদের সঙ্গে আলোচনা করা হবে।\"

\r\n

উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে বিজয়ী ঘোষণা পাওয়া ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

\r\n

এর প্রেক্ষিতে নোটিশদাতাদের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক এবং ইশরাক হোসেনের কাছে আইনি নোটিশ পাঠানো হয়।

\r\n

আইনজীবী মনিরুজ্জামান অভিযোগ করেন, \"যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই দ্রুত এই রায় দেওয়া হয়েছে। আমরা ধারণা করেছিলাম, নির্বাচন কমিশন আদেশটির বিরুদ্ধে আপিল করবে, কিন্তু তা করা হয়নি।\"
\r\nতিনি আরও বলেন, \"ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারে না যার বাস্তব কার্যকারিতা নেই। ইতোমধ্যে মেয়রের টার্ম শেষ হয়ে গেছে এবং অধ্যাদেশের মাধ্যমে পদ শূন্য ঘোষণা করা হয়েছে।\"