ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের শীর্ষ সংবাদমাধ্যম ইদিয়োথ আহারোনোথ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের মিসাইল ও ড্রোন হামলায় এখন পর্যন্ত ৫ হাজার ১১০ জন ইসরায়েলি নাগরিক গৃহহীন হয়ে পড়েছেন। এর মধ্যে রাজধানী তেল আবিব শহর থেকেই গৃহহীন হয়েছেন ৯০৭ জন।

\r\n

ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে চালানো সাম্প্রতিক হামলার ফলে একাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

\r\n

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের অনেকেই বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তা প্রদান করা হলেও, মানবিক সহায়তার ঘাটতি রয়ে গেছে বলে অভিযোগ করেছেন গৃহহীনরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা এবং চিকিৎসা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

\r\n

এই পরিস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা মানবিক সংকটের দ্রুত সমাধান এবং সহায়তার জন্য ইসরায়েলি ও ইরানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র: আল জাজিরা