মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটি ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৯ মার্চ) তুরস্কের আকাশসীমায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এ নির্দেশনা দেয় ওয়াশিংটন।
আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে আদানা শহরের কাছে অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি ইরান সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কে থাকা মার্কিন নাগরিকদেরও দ্রুত এলাকা ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তুরস্কে একাধিক ন্যাটো ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন থাকলেও এখন পর্যন্ত দেশটি বড় ধরনের হামলা থেকে রক্ষা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর মধ্যে আদানা শহরের কাছে অবস্থিত ইনসারলিক বিমান ঘাঁটি অন্যতম গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা, যেখানে দীর্ঘদিন ধরে মার্কিন সেনারা অবস্থান করছে।
এদিকে গত বুধবার ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে বলে জানায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় ন্যাটো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার কথাও জানিয়েছে।
সূত্র: আল আরাবিয়া।





