নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটিতে চলমান ব্যাপক বিক্ষোভের মধ্যে জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওবার্তায় ক্রাউন প্রিন্স বলেন, “গত এক সপ্তাহ ধরে আমি বিক্ষোভ পর্যবেক্ষণ করছি, বিশেষ করে তেহরানের বাজারগুলোতে। বর্তমান সরকারের দমন-পীড়নের পরও আপনারা যে প্রতিরোধ গড়ে তুলেছেন, তা প্রশংসনীয়। যে কোনো সরকারই হোক না কেন, জনগণ সচেতন ও ঐক্যবদ্ধ হলে সরকারও শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে বাধ্য হয়।”
তিনি আরও বলেন, “আপনাদের আন্দোলন সুশৃঙ্খল রাখা জরুরি। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার (৮ ও ৯ জানুয়ারি) রাত ৮টায় যেখানেই থাকুন—সড়কে বা বাড়িতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিন। এরপর আমি পরবর্তী নির্দেশনা দেব।”
সশস্ত্র বাহিনীকে উদ্দেশ্য করে ক্রাউন প্রিন্স বলেন, “আপনারা জনগণকে রক্ষা করার দায়িত্বে রয়েছেন। এই মুহূর্তে ইরানের ইতিহাস লেখা হচ্ছে। জনগণের পাশে থাকুন এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়া থেকে বিরত থাকুন। এটি শুধু দায়িত্ব নয়, নিজেদের ও পরিবারের ভবিষ্যতও রক্ষা করবে।”
ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশত্যাগ করেন এবং ১৯৮০ সালে মিসরে মৃত্যু বরণ করেন। তার জ্যেষ্ঠ সন্তান রেজা পাহলভি বর্তমানে ওয়াশিংটনে নির্বাসিত জীবনযাপন করছেন এবং পরিবারের সদস্য ও শাহপন্থিরা তাকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেছেন।
গত দু’সপ্তাহ ধরে তেহরানসহ দেশের বিভিন্ন শহরে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। মূলত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে রাজধানী ও অন্যান্য শহরের দোকানমালিকরা ২৮ ডিসেম্বর ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন, যা বর্তমানে পুরো দেশে ছড়িয়ে পড়েছে।





