ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আজ (শুক্রবার, ১৩ মার্চ) আবারও সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ইরানের নেতৃত্ব লুকিয়ে রয়েছে, কিন্তু মার্কিন সামরিক সক্ষমতা এখনও বৃদ্ধি পাচ্ছে।
হেগসেথ আরও বলেন, “এই সংঘাতের গতি ও সময় নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।” তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং ইসরায়েলের বিমান বাহিনীর সমন্বয়কে “অপরাজেয়” বলে উল্লেখ করেন এবং জানান, তাদের গোয়েন্দা তথ্য আরও উন্নত ও পরিশীলিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, “আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।” তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ইরানে ছয় হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া ইরানের নৌবাহিনীকে কার্যত অকার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।
হেগসেথ আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে যা বিশ্বের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। মার্কিন প্রশাসন ও সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি অব্যাহত রাখার সংকল্প প্রকাশ করেছে।





