ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে চীন। রোববার (২২ জুন) এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

\r\n

বিবৃতিতে চীন জানায়, \"আইএইএ’র পর্যবেক্ষণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। বেইজিং এই হামলার কঠোর প্রতিবাদ জানাচ্ছে।\"

\r\n

চীন আরও বলেছে, ইরান-ইসরায়েল বিরোধ নিরসনে সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে, দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানাচ্ছে তারা। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত বলেও জানায় বেইজিং।

\r\n

এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফরদো ও ইস্পাহান এলাকার তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বি-২ বোমারু বিমান দিয়ে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘সম্পূর্ণ সফল’ বলে উল্লেখ করেন।

\r\n

ইরানের রেড ক্রিসেন্ট জানায়, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেহরান থেকেও জানানো হয়েছে, পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত রয়েছে এবং কোনো ধরনের বিপর্যয় ঘটেনি।