ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বাসতাম শহরে কার্যকর করা এই শাস্তি সুপ্রিম কোর্টের রায় বহাল থাকার পর কার্যকর করা হয়েছে। খবর নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম মিজান অনলাইন।
প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরি জানান, রায় সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট পর্যালোচনার পর নিশ্চিত ও কার্যকর করা হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষের মতে, ওই ব্যক্তি দুই নারীর সঙ্গে প্রতারণা করেছে এবং জোরপূর্বক ধর্ষণ করেছে। এছাড়া, তিনি ভুক্তভোগীদের উপর ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন, যা তাদের সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ছিল। দোষীর পরিচয় এবং সাজা ঘোষণার তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
ইরানে সাধারণত কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এই ঘটনার দুই সপ্তাহ আগে হত্যার দায়ে আরেকজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের মতে, ইসলামিক প্রজাতন্ত্র প্রায়শই ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। চীনের পরে ইরান বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।





