ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের ১৬তম দিনেও রাজপথে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। দেশজুড়ে এখনও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে, ফলে প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে।
ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি। তেহরানের একটি মর্গে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিবিসি অন্তত ১৮০টি সাদা কাফনে মোড়ানো মরদেহের অস্তিত্ব পেয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সমঝোতার জন্য যোগাযোগ করেছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানি নেতারা ‘নেগোশিয়েশন বা সমঝোতা’ করতে চাচ্ছেন, কারণ তিনি দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।
বিস্তারিত না জানিয়ে ট্রাম্প বলেন, “হ্যাঁ, তারা গতকাল ফোন করেছে।”
রোববার রাতে তিনি আরও বলেন, “তারা সমঝোতা করতে চায়। বৈঠকের আগে আমাদের কিছু পদক্ষেপ নিতে হতে পারে।”
এর আগে গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানি বাহিনী যদি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নিতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা প্রায় ৫০০ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য যাচাই করেছে।
গত বৃহস্পতিবার থেকে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ায় দেশটির ভেতর থেকে তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। তবে বিবিসি পারসিয়ান জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে।
অন্যদিকে, সরকারের পক্ষে বিভিন্ন শহরে সমাবেশের ছবি প্রকাশ করেছে ইরানিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (আইবিসি)। সংস্থাটি জানায়, হামিদান ও ইলামসহ কয়েকটি শহরে সরকারপন্থি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এই শহরগুলোই সম্প্রতি সরকারবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল। অন্যান্য শহরের তুলনায় আজ দুপুরে ভিন্নভাবে সরকারের পক্ষে এসব সমাবেশ আয়োজন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর আহ্বানে এসব কর্মসূচি চলছে।
সকাল থেকেই ইরানের বিভিন্ন রেডিও ও টেলিভিশন চ্যানেলে নাগরিকদের এসব মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রেসিডেন্ট, সংসদের স্পিকার ও বিচার বিভাগের প্রধানের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নাতি হাসান খামেনিসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ইরানের সাবেক যুবরাজ প্রিন্স রেজা পাহলভি বলেন, “খুব শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পৌঁছাবে।”





