ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ইরানের ড্রোন হামলায় ফ্রান্সের এক সেনাসদস্য নিহত হয়েছেন। ফরাসি সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ইরান তাদের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে।
শুক্রবার (১৩ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ বছর বয়সি ফরাসি সেনা আর্নল্ড ফ্রিয়ন তার দায়িত্ব পালনকালে অবস্থানে থাকাকালীন শাহেদ ড্রোন সরাসরি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। হামলায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানোয়েল ম্যাক্রোঁ সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, ইরবিলের এই হামলায় ফ্রান্সের সশস্ত্র বাহিনীর সদস্য ফরাসি জনগণের জন্য জীবন দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, হামলায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এটি প্রথমবারের মতো কোনো ফরাসি সেনার মৃত্যু। ফ্রান্সের সেনারা ইরাকে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মোতায়েন রয়েছে।
এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্রগোষ্ঠী একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিমানে থাকা ছয় ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনা গত ১২ মার্চ স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটে। উদ্ধার অভিযান শুরু হলেও দুই ক্রুর সন্ধান এখনও পাওয়া যায়নি।





