ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় অন্তত আটটি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। শনিবার (১৪ মার্চ) ভোরে তারা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হামলাগুলো ইরাকের ভেতরে এবং বাইরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পরিচালিত হয়েছে। তবে নিরাপত্তা ও কৌশলগত কারণে হামলার সুনির্দিষ্ট স্থান বা ব্যবহৃত অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ এর ছত্রছায়ায় থাকা বিভিন্ন মিলিশিয়া নিয়মিতভাবে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক এই হামলাগুলো সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।
এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই





