জাবি প্রতিনিধি:মার্কিন-ইসরাইলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে প্রাণ হারানো শহীদ আয়াতুল্লাহ খামেনী ও স্কুলগামী শিশুকন্যাসহ সকল শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১মার্চ ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হয় | আধিপত্যবাদ বিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তারা আন্তর্জাতিক অঙ্গনে আগ্রাসন ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, রমজান মুসলিম উম্মাহর জন্য প্রশান্তি ও স্রষ্টার নৈকট্য লাভের মাস। অথচ এ সময় মুসলমানদের ওপর আঘাত হেনে যাচ্ছে বাতিল শক্তি। যুক্তরাষ্ট্র সরকার আধিপত্যবাদী মনোভাব নিয়ে পুরো বিশ্ব শাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানাই। গায়েবানা জানাজার মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করছি, আগ্রাসী শক্তির অন্যায়কে কাপুরুষের মতো সহ্য করব না; বরং এর বিরুদ্ধে সোচ্চার থাকব।





