হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আগুনের সূত্রপাত বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সংস্থা তদন্ত কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”
বেবিচক চেয়ারম্যান আরও জানান, আগুন লাগার সময় ১৫টি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছিল। বিমান চলাচল বন্ধ থাকায় যে যাত্রীরা আটকে পড়েছিলেন, তাদের সবাইকে পরদিন বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।





