গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। সাজা হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। এই রায় আংশিক হলেও ভুক্তভোগীদের মধ্যে ন্যায়বিচারের বার্তা পৌঁছাবে। তবে এটি যথেষ্ট নয়, আরও কঠোর শাস্তির দাবি ছিল।”
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ৭ ডিসেম্বর মো. আবুল কালাম আজাদ নামে এক গ্রাহক এই প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। আদালত তদন্তভার দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগে বলা হয়, ইভ্যালি একটি সুপরিকল্পিত প্রতারণার ফাঁদ তৈরি করে। সামাজিক মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করে তারা পণ্য বিক্রির অফার দেয়। সেই বিজ্ঞাপন দেখে বাদী ১১টি মোটরসাইকেল কেনার জন্য প্রতিষ্ঠানটিকে ২৩ লাখ টাকা প্রদান করেন। পণ্য সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও তা না দিয়ে আসামিরা নানা অজুহাতে টাকা আত্মসাৎ করেন।
মামলার বিচারকালে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাসেল ও শামীমা নাসরিন আদালতে উপস্থিত ছিলেন না





