ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।


\r\n

বিভাগীয় সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. রাকিবা ইয়াসমিন। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক এবং শতাধিক নবীন ও প্রবীণ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।


\r\n

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর অতিথিদের আসন গ্রহণ, নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী দিয়ে বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


\r\n

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, একজন ছাত্রবান্ধব শিক্ষকের প্রথম দায়িত্ব নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো নিয়মিত পাঠদান। তিনি বলেন, আজ শিক্ষার্থীরা যেসব অনাকাঙ্ক্ষিত কাজে বা আন্দোলনে জড়িয়ে পড়ছে, তার একটি বড় কারণ হলো নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের ধরে রাখতে না পারা। শিক্ষকরা যদি শতভাগ ক্লাস নিশ্চিত করতে পারেন, তাহলে শিক্ষার্থীদের সময় নষ্ট করার সুযোগ কমে যাবে এবং তাদের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।


\r\n

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সফল হতে হলে সততার সঙ্গে পরিশ্রম করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে। কোনো কাজে হাত দিলে দৃঢ় প্রতিশ্রুতি থাকতে হবে যে তা শেষ করতেই হবে। পাশাপাশি সব কাজে আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পড়াশোনাই এখানে আসার প্রধান লক্ষ্য। ভালো সিজিপিএ একটি বড় অর্জন হলেও নৈতিকতা মানুষকে প্রকৃত সফলতার পথে এগিয়ে নেয়। পড়াশোনার পাশাপাশি বাবা-মায়ের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শৈশবে যেভাবে বাবা-মা সন্তানদের লালন-পালন করেন, বার্ধক্যে তাঁদেরও তেমনি সেবা করা সন্তানদের দায়িত্ব।