ইবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হলো 'শহিদ ওসমান হাদি স্মৃতি বিতর্ক-২০২৬'। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩:৩০ মিনিটে ক্যাম্পাসের সাদ্দাম হল সংলগ্ন কেন্দ্রীয় ক্রিকেট মাঠে শিক্ষার্থীদের আয়োজনে 'সাংস্কৃতিক লড়াই পারে আধিপত্যবাদ রুখতে' শীর্ষক এই বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে অংশ নেন মিশুক শাহরিয়ার, মন্ত্রী আজমেরী রহমান এবং সাংসদ তানিম তানভীর। বিরোধী দলের বিরোধীদলীয় নেতা ছিলেন শান্ত শিশির, উপনেতা তাসলিমা আরেফিন অথি এবং সাংসদ মুশফিকুর রহমান শাওন।
স্পিকারের দায়িত্ব পালন করেন তাজমিন রহমান। উভয় দলই নিজেদের যুক্তি উপস্থাপন শেষে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এবং বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নিয়মাতুল্লাহ মুনিম, ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ইবি রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাকিব আসলাম এবং সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল। এছাড়া বিভিন্ন হলের ডিবেটিং সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।





