স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি জানিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় সংগঠনের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা তাদের ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। তিনি বলেন, “এটি শুধু শিক্ষকদের নয়, পুরো শিক্ষক সমাজের প্রতি অবমাননা। শিক্ষকদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।”

শিক্ষকরা পাঁচ দফা দাবি তুলে ধরেছেন:
১. চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
২. এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১,৮৯০টি ফাইল দ্রুত অনুমোদন।
৩. অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
৫. ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

চেয়ারম্যান মোখলেছুর রহমান জানিয়েছেন, পুলিশের সহযোগিতায় প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করলেও শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে দেখা করেননি। তিনি আরও বলেন, আগামীকালের বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিক্ষকরা তাদের দাবি বাস্তবায়নের জন্য দৃঢ়সংকল্প দেখাবেন।