‘একজন শহীদের কাছ থেকে যে ইনসাফের শিক্ষা পেয়েছি, তা আদায় করতেই হবে’—এমন মন্তব্য করেছেন শিক্ষাবিদ, উদ্যোক্তা ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।


রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।


স্ট্যাটাসে আয়মান সাদিক লেখেন, ‘বেঁচে থাকতে তিনি আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চাননি। আর নিহত হওয়ার পর শুধু বিচারই চেয়েছেন, যাতে তাঁর মৃত্যুর পরও সাহস নিয়ে আরও মানুষ এগিয়ে আসতে পারে।’


তিনি আরও লেখেন, ‘একজন শহীদের কাছ থেকে যে ইনসাফের কথা শিখেছি, তা আদায় করতেই হবে। চলে যাওয়ার ১০ম দিন—ইনসাফের অপেক্ষা আর কতদিন?’


পোস্টের সঙ্গে তিনি #justice এবং #Insaaf হ্যাশট্যাগ ব্যবহার করেন। এর মাধ্যমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে নিজের অবস্থান তুলে ধরেন।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি সেখানে মারা যান।